সত্য সমাচার ডিজিটাল:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হয়নি। তবে আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার ফেরতের ব্যাপরে কে কোথায় কী প্রতিবেদন ছাপছে, সেটা দেখার সময়ও নেই এবং সেটা আমাদের বিষয়ও না।
সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা মনে করি, এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন। ভারত যদি রেসপন্স করে, তবে বাংলাদেশের মানুষের জন্য এবং সরকারের জন্য তা সহজ হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার দরকার।
শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ জানিয়ে শামা ওবায়েদ বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বিশাল ব্যাপার। ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক এই একটি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ না। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু আছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখন যে জ্বালাও পোড়াও করছে সেটাও আওয়ামী লীগ করছে। এই সন্ত্রাসী দল তো আগেও যা করেছে, এখনো তাই করছে। এই সন্ত্রাসী দল যখন আরেকটি দেশে বসে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, বাংলাদেশের সরকার হিসেবে আমাদের সেটা অ্যাড্রেস করার প্রয়োজন আছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.