
ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের হারের ম্যাচে লাল কার্ড দেখেছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার পর মাঠ ছাড়তে হয় হামজাকে। তার লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, হামজাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে না—এমন ইঙ্গিত পেয়েছিল তার দল।
রেফারির সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করে ওয়াইল্ডার বলেন, ওই ঘটনায় হামজা আর কোথায় যেতে পারতেন, তা তিনি বুঝতে পারছেন না। নিজের উদ্বেগ বোঝাতে রেফারির আরও কয়েকটি সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। তবে কর্মকর্তাদের সরাসরি সমালোচনা করার ক্ষেত্রে সতর্ক ছিলেন শেফিল্ড ইউনাইটেডের কোচ।
শেফিল্ড ইউনাইটেডের বিশ্বাস, ওই ঘটনায় তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। যদিও ওয়াইল্ডার স্বীকার করেছেন, ম্যাচ চলাকালে প্রতিপক্ষের খেলোয়াড়দের রেফারির কাছে সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানোর অধিকার রয়েছে।
পোর্টসমাউথের কাছে হারের পর চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে, ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে পোর্টসমাউথ।
এমন পরিস্থিতিতে হামজার সম্ভাব্য অনুপস্থিতি পরবর্তী ম্যাচের আগে শেফিল্ড ইউনাইটেডের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.