ঢাকা১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

admin
অক্টোবর ১৫, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

১৫ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষ্যে জিআর চাল এবং হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার (১৫ই অক্টোবর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এক হাজার ৭০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সবধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের মন্দিরগুলোতে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। গত বছর দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে ৬০০ কেজিতে উন্নীত করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এজন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।