সত্য সমাচার ডিজিটাল: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যযক্রম শুরু হলো। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ। আগস্ট-সেপ্টেম্বরে এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হতে পারে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ।
মঙ্গলবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক অংশীদার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই ধাপে পৌঁছানোকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রায় একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন, রাশিয়ান সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাআভও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বাংলাদেশকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ ঐতিহাসিক দিন।বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এ বিদ্যুৎ কেন্দ্র বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।

