সত্য সমাচার ডিজিটাল
২২ জুন ২০২৫
রামপুরার পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) সাবস্টেশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে রাজধানীর অনেক এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। শনিবার রাত ১০টার দিকে এই ত্রুটি দেখা দেয়। এরপর থেকেই মগবাজার, রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশানসহ আশেপাশের অনেক এলাকায় বিদ্যুৎ নেই।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান সংবাদমাধ্যমকে জানান, ‘রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে। এর ফলে মূলত ডিপিডিসির আওতাধীন যেসব এলাকা রয়েছে, সেসব এফেক্টেড হয়েছে। ডেসকো খুব একটা এফেক্টেড হয়নি। মূলত রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান, মগবাজার এলাকায় বিদ্যুৎ নেই। পিজিসিবির কর্মীরা সর্বোচ্চভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টা লাগতে পারে। প্রয়োজনে বাইপাস করে হলেও পরিস্থিতি স্বাভাবিক করা হবে।’
রাজধানীর গুলশান-১, গুলশান-২, মহানগর প্রজেক্ট, মধুবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, হাতিরপুল এলাকাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন দেখা গেছে। আরও কিছু এলাকায়ও বিদ্যুৎ নেই বলে জানা গেছে।
এই বিষয়ে পিজিসিবি এক বার্তায় জানিয়েছে, ‘রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকষ্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন। সম্ভাব্য দ্রুততম সময়ে এ সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্তও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.