সত্য সমাচার রিপোর্ট:
৪ ডিসেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হয়েছিলেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা। বৈঠক থেকে সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। ভারতের এসব অপপ্রচারকে শক্তিশালী ও বেগবানভাবে মোকাবিলা করার কথা বলেছেন রাজনৈতিক দলের নেতারা।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমির সামনে গণমাধ্যমকর্মীদের আলোচনার বিভিন্ন দিক জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, বৈঠকে আমাদের প্রবাসী, সহযোগী বন্ধুরাষ্ট্র এবং বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগ ও আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে সেটা প্রকাশ করার দাবি জানানো হয়েছে।

