
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে সাত দিনের একটি ‘রোডম্যাপ’ বা রূপরেখা প্রস্তাব করেছে ইরান। এতে সাত দিনের মধ্যে সংঘাত বন্ধ, ইরানের জব্দ করা সম্পদ ছাড়, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নৌ অবরোধ তুলে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের কাছে পরিকল্পনাটি তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্মত হওয়া সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয় রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে প্রস্তাবটি পাঠানো হয়। এতে সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের আহ্বান জানানো হয়েছে। এসব শর্ত পূরণ হলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা পুনরায় শুরু করা এবং গুরুত্বপূর্ণ এই প্রণালিতে চলাচলের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার পথ তৈরি হবে।
হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের ওপর বিধিনিষেধ বর্তমানে সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এর কারণে তেল ও গ্যাস রপ্তানি এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের কাছে ইরানের এই প্রস্তাব তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরু হওয়া এই যুদ্ধ এরই মধ্যে প্রায় সাত মাসে গড়িয়েছে।
দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলার পর গত আগস্টে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়। এরপর থেকে দুই দেশ আবারও ওই সমঝোতায় ফিরতে পারে—এমন খুব বেশি লক্ষণ দেখা যায়নি। তবে তেহরান জানিয়েছে, সমঝোতায় ফিরে যাওয়া সম্ভব।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.