
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশের মুখে ওয়াশিংটনকে পাল্টা পরমাণু প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর ‘সীমিত সামরিক হামলার’ হুমকি দিচ্ছেন, তখন কূটনৈতিক পথেই সংকট সমাধানের ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর দ্য গার্ডিয়ানের।
জেনেভায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে পরোক্ষ আলোচনার পর আরাগচি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে একটি পাল্টা প্রস্তাবের খসড়া চূড়ান্ত করবে ইরান। তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। গত বছর আমাদের বিজ্ঞানীদের হত্যা এবং স্থাপনায় হামলা চালিয়েও এই কর্মসূচি বন্ধ করা যায়নি।’
এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরানকে চুক্তিতে বাধ্য করতে তিনি সামরিক হামলার কথা ভাবছেন। ১০ থেকে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে তিনি হুশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে সমঝোতায় না এলে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে ইরানকে।
ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ দমনে প্রাণহানির সংখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ চলছে। ট্রাম্প নিহতের সংখ্যা ৩২ হাজার দাবি করলেও আরাগচি একে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ আখ্যা দিয়ে নিহতের সংখ্যা তিন হাজার ১১৭ বলে দাবি করেছেন। জাতিসংঘ এই ক্রমবর্ধমান উত্তেজনা ও পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তেহরান বলছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না, তবে কর্মসূচিটি যে শান্তিপূর্ণ থাকবে তা নিশ্চিত করতে তারা আলোচনার টেবিলে থাকতে চায়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.