
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে আয়োজিত এক সামরিক এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও পাইলট ও ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
রোববার আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোর সময় এই দুর্ঘটনা ঘটে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে বিমান দুটি বিধ্বস্ত হয়।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিটি বিমানে থাকা ক্রুরা দ্রুত ইজেকশন সিস্টেম ব্যবহার করে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে নিচে নামতে সক্ষম হন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে কী কারণে এই সংঘর্ষ ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। পরে মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। একই সময়ে কয়েকটি প্যারাশুট ধীরে ধীরে মাটিতে নামতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।
ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে পুরো এয়ার শো বাতিল করা হয়েছে। পাশাপাশি সামরিক ঘাঁটিতে সাময়িক লকডাউনও জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.