আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে আরও পাঁচটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তালিকায় ফিলিস্তিনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন নাম যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। মূলত অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এ তালিকা আরও বড় করেছে।
ফিলিস্তিন ছাড়াও তালিকায় থাকা নতুন পাঁচটি দেশ হলো-সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান।
এর আগে গত জুনে ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো-ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ‘ফিলিস্তিন রাষ্ট্র’ বলা হয়নি। এমনকি ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড’ বলতে নারাজ ট্রাম্প প্রশাসন। নথিতে ফিলিস্তিনিদের ‘পিএ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুজন সদস্যকে গুলি করা হয়। তাদের একজন পরে মারা যান। এর পর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে আরও বেশি কঠোর অবস্থান নেয়।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় ‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসনের ওপর ‘স্থায়ী স্থগিতাদেশের’ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এরও কয়েক সপ্তাহ পর ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা বাড়ালেন ট্রাম্প।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.