সত্য সমাচার ডিজিটাল:
০৭ মে ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার ভোরে চন্দ্রিমা উদ্যান এলাকার ১১ নম্বর রোডের একটি তিন তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
তারা হলেন- ফাতেমা বেগম (৪০), তার মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান।
এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, শিশুর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকি দুই জনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, আমার বোন তার মেয়ে, মেয়ের জামাই এবং নাতনি নিয়ে থাকেন। ফাতেমা গ্রিন রোডে একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। গত রাতে বাসাটিতে তারা তিন জনই ছিলেন। সাদিয়ার স্বামী গাড়িচালক। তিনি বাসার বাইরে ছিলেন। ভোরে প্রতিবেশীদের মাধ্যমে ফোনে তিনি খবর পান ওই বাসায় আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখেন তাদের গাড়িতে তোলা হচ্ছে। তখন দ্রুত হাসপাতলে নিয়ে আসেন।
তিনি আরও জানান, চলতি মাসের ১ তারিখেই ওই বাসায় ভাড়া উঠেছিলেন বোন এবং ভাগনি। গতকাল রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে এনেছিলেন। রাতে যখন তারা সবাই ঘুমিয়েছিল, সে সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয়। এতে তাদের তিন জনের শরীরে আগুন ধরে যায়। কীভাবে এ বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানি না। তবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.