রবিউল আলম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
০২ আগস্ট ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “আগামী দিনে দেশ পরিচালনার জন্য প্রয়োজন সততা, মেধা, দক্ষতা, ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব। দেশের ভবিষ্যৎ গড়তে মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে।”
শনিবার (২ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশকে আধুনিক, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে আমাদের প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। তোমরাই জাতির ভবিষ্যৎ। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আন্দোলন ছিল সার্বজনীন। যেখানে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছিল।”
রফিকুল ইসলাম খান আরও বলেন, “এই আন্দোলনের মধ্য দিয়েই মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই নতুন বাংলাদেশ গড়ার পথে তোমাদের—এই মেধাবী শিক্ষার্থীদের—গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।”
উল্লাপাড়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫৪ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট, ও বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উল্লাপাড়া উপজেলা উত্তর সভাপতি গোলাম মোস্তফা সাদ এর সভাপতিত্বে উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ জাকারিয়ার সঞ্চালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আলহাজ উদ্দিন,সিরাজগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.