
অস্ট্রেলিয়ার দুই ভাই জ্যাক রবিনসন ও ক্যালাম রবিনসন এবং তাদের মার্কিন বন্ধু কার্টার রোডকে হত্যার দায়ে তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন মেক্সিকোর একটি আদালত।
২০২৪ সালে অবকাশযাপনে সার্ফিং করতে গিয়ে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার নির্জন একটি সমুদ্রসৈকতে হত্যাকাণ্ডের শিকার হন তারা। বিচার চলাকালে আদালতে জানানো হয়, তাদের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।
এই হত্যাকাণ্ড বিশ্বজুড়ে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কারণ, মেক্সিকোর অন্যান্য অঞ্চলে সহিংসতার ঘটনা থাকলেও ওই এলাকাটিকে সাধারণত নিরাপদ বলে মনে করা হতো।
গত সপ্তাহে তিন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতে নিহত দুই ভাইয়ের মা ডেবরা রবিনসন বলেন, তার ছেলেদের হত্যাকাণ্ড তাদের সঙ্গে ঘিরে দেখা ভবিষ্যতের স্বপ্ন কেড়ে নিয়েছে।
আইনগত কারণে দণ্ডিত তিন ব্যক্তির পূর্ণ নাম প্রকাশ করা হয়নি। তাদের শুধু হেসুস হেরার্দো, ইরিনেও ফ্রান্সিসকো ও আনহেল হেসুস নামে শনাক্ত করা হয়েছে।
গত বছরের নভেম্বরে পৃথক একটি মামলায় কথিত মূল হোতা হেসুস হেরার্দোর প্রেমিকাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ‘এল কেকাস’ নামে পরিচিত হেসুস হেরার্দোর ওই প্রেমিকা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন।
আদালতে জানানো হয়, নিহত তিনজনের মরদেহ একটি কূপের মধ্যে ফেলে রাখা হয়েছিল। তাদের প্রত্যেকের মাথায় গুলির আঘাত ছিল।
ঘটনার সময় সমুদ্রসৈকতের শহর এনসেনাদার স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা হত্যাকাণ্ডে হতবাক হয়ে পড়েন। এত সহজে এবং আপাতদৃষ্টিতে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তিনজনকে হত্যা করার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সার্ফারদের কাছে এনসেনাদা একটি অতিথিপরায়ণ ও জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। তবে এই নৃশংস হত্যাকাণ্ড মেক্সিকোয় চরম সহিংসতার বিস্তার কতটা উদ্বেগজনক, তা আবারও সামনে নিয়ে আসে।
কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের পেছনে নির্দিষ্ট কোনো কারণের ব্যাখ্যা দিতে পারেনি। তাদের বক্তব্য অনুযায়ী, ত্রিশের কোঠায় বয়সী ওই তিন সার্ফার শেষ পর্যন্ত ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণেই হত্যার শিকার হন।
যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে প্রবেশের মাত্র ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাদের হত্যা করা হয়েছিল। তবে মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা সেগুলো শনাক্ত করতে পেরেছিলেন প্রায় এক সপ্তাহ পর।
এ ঘটনার পর স্থানীয় সার্ফাররাও বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। রাজ্যটিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতার অন্যান্য ঘটনার কথাও তারা তুলে ধরেন। বাজা ক্যালিফোর্নিয়ার আঞ্চলিক অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.