প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না : সালাউদ্দিন আহমদ
অনলাইন ডেস্ক
রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।
তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন।
এ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা।
তিনি আরো বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।