সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা ১৭ নভেম্বর ২০২৬
স্বাধীন বাংলা ফুটবল দলের লড়াকু খেলোয়াড়, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের গেজেট সংশোধন নিয়ে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটেছে। ২০২২ সাল থেকে বিভিন্ন দপ্তরে ঘুরেও যা এতদিন সম্ভব হয়নি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপির তাৎক্ষণিক এবং ওয়ানস্টপ সার্ভিসে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান হয়েছে। অবসান ঘটেছে একজন বয়োবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধার দীর্ঘ চার বছরের বঞ্চনা ও আক্ষেপের।
১৬ নভেম্বর ২০২৬ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে গেজেটে ভুলভাবে আসা নামের পরিবর্তে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণ গোবিন্দ কুন্ডু (পিতা: মৃত চিত বিনোদ কুন্ডু, গ্রাম/মহল্লা: লয়েল ট্যাক রোড, ২৫/বি, ডাকঘর: নারায়ণগঞ্জ, উপজেলা/থানা: নারায়ণগঞ্জ সদর, জেলা: নারায়ণগঞ্জ)-এর নাম সরকারি তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা যায়, ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় অস্ত্র জমা রেখে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের মাটিতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করেছিল। ক্রীড়াঙ্গনের এই গর্বিত ও উজ্জ্বল নক্ষত্রদের একজন ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। ফুটবল ফেডারেশনের সমস্ত দলিল-দস্তাবেজে তার নাম সঠিক থাকলেও সরকারি গেজেটে ভুলবশত 'পবিন্দ কুন্ড, পিতা সুকুমার কুন্ড' নাম ও ভুল ঠিকানা অন্তর্ভুক্ত হয়।
দীর্ঘদিন নিউইয়র্কে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে ২০২২ সাল থেকে সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রমাণপত্র এবং হলফনামাসহ এই দপ্তর থেকে সেই দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি এই ফুটবল যোদ্ধা। তার আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রেরণের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসক নির্দেশ দেয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ২০২২ সালেই সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয়কে নিশ্চিত করেন যে, পূর্বের গেজেটে উল্লিখিত 'পবিন্দ কুন্ড' নামের কোনো ব্যক্তির বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং প্রকৃতপক্ষে প্রাণ গোবিন্দ কুন্ডুই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। অর্থাৎ ২০২২ সালেই তদন্তে প্রমাণিত হয়, গেজেটে প্রকাশিত ব্যক্তি এবং প্রাণ গোবিন্দ কুন্ডু একই ব্যক্তি।
জেলা প্রশাসকের এমন স্পষ্ট ও দাপ্তরিক নিশ্চিতকরণের পরও ফাইলটি দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতার গ্যাঁড়াকলে আটকে ছিল। বার্ধক্যের কোঠায় পৌঁছে প্রাণ গোবিন্দ কুন্ডুর একটাই আকুতি ছিল—জীবদ্দশায় যেন সরকারি গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নামটি সঠিক দেখতে পান।
সম্প্রতি বিষয়টি বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপির দৃষ্টিগোচরে আসে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। মন্ত্রীর এই আন্তরিক সদিচ্ছা ও দ্রুত হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রীর এই তাৎক্ষণিক এবং ওয়ানস্টপ সার্ভিসে সন্তোষ প্রকাশ করেছেন দেশের আপামর বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল। তাদের মতে, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন থাকার পরও আটকে থাকা একটি বিষয়কে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দেশপ্রেম, কর্মস্পৃহা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অগাধ শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ। অবশেষে বার্ধক্যে এসে হলেও নিজের সঠিক পরিচয়ে গেজেটভুক্ত হতে পেরে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.