
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর প্রথম সফরে নিজেদের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার পর শনিবার ভারতকে ৪-০ গোলে হারিয়ে সফর শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তিনটি প্রীতি ম্যাচেই দলে ব্যাপক পরিবর্তন এনেছিলেন আনচেলত্তি। ২৬ সদস্যের দলে থাকা প্রত্যেক খেলোয়াড়ই মাঠে নামার সুযোগ পেয়েছেন। শুধু ভিনিসিয়ুস জুনিয়র ও দানিলো তিনটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন। এ ছাড়া আটজন খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিষেক হয়েছে।
বিশ্বকাপের দলে থাকা প্রায় দুই-তৃতীয়াংশ খেলোয়াড়কে এই সফরের বাইরে রেখে জাতীয় দলের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার কাজ শুরু করেছেন আনচেলত্তি।
সফর শেষে দুটি জয় ও একটি ড্র নিয়ে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, 'এই সময়টা শেষে আমরা ইতিবাচক অনুভূতি নিয়ে ফিরছি। খেলোয়াড়েরা ভালো করেছে, যদিও কয়েকজন আরও ভালো করতে পারত। প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব বৈশিষ্ট্য আছে।'
তিনি আরও বলেন, 'সব মিলিয়ে আমরা সন্তুষ্ট। ম্যাচগুলোর মান কেমন ছিল, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়া এবং সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা। আমি এখন এই খেলোয়াড়দের অনেক ভালোভাবে চিনতে পারছি।'
এই সফরে ভান্দেরসন ও স্যামুয়েল লিনো জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন। এর মধ্যে ১৩৮ নম্বরে থাকা ভারতের বিপক্ষে জোড়া গোল করেছেন লিনো।
আগামী নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচগুলোর দল নির্বাচন নিয়ে আনচেলত্তি বলেন, 'এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় ছিল। পরবর্তী দল নির্বাচনের বিষয়ে এখন আমার ধারণা অনেক বেশি পরিষ্কার।'
তিনি আরও বলেন, 'অবশ্যই আমরা খুব বেশি পরিবর্তন আনব না। তবে এবার যারা দলে ছিল না, এমন আরও কিছু তরুণ খেলোয়াড়কে তৈরি করতে হবে। পরেরবার তাদের দলে দেখা যেতে পারে।'
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.