প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না : জামায়াত আমির
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজ, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারব না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে; আমিই বাংলাদেশ, এ দেশ আমার, এ দেশ আমি গড়ব।
এ দেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার সবকিছু উজাড় করে এই দেশকে দেব।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ কেউ মনে করে জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের বাইরে বের হতে দেওয়া হবে না।
আমাদেরও স্ত্রী আছে, সন্তান আছে, বোন আছে, তারা কি বাইরে বের হয় না? দেশের সেবায় অংশ নেয় না? দেশের সকল মা-বোনকে দেশের সেবায় নিয়োজিত হতে সহায়তা করা হবে, সমর্থন দেওয়া হবে।
নির্বাচনি জনসভায় ফেনীতে মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, আমরা ঘোষণা দিচ্ছি ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশের কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। আল্লাহ যদি দেশবাসীর সেবা করার তৌফিক আমাদেরকে দেন, ইনশাআল্লাহ, ফেনী তার পাওনা পেয়ে গর্বিত হবে।
ফেনীবাসীকে আশ্বস্ত করে জামায়াত আমির বলেন, এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সে বাঁধ এখনও নির্মাণ হয়নি।
আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে এর সমাধান খুঁজে বের করব, ইনশাআল্লাহ। কারণ, আমার দেশ রক্ষা করার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারব না।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.