সত্য সমাচার ডিজিটাল: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশে যেমন জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে গৃহীত হচ্ছেন। প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের ফলে দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান, যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন। নিশ্চিত করছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান।
মঙ্গলবার চীনের স্থানীয় সময় বিকাল পৌনে ৬ টায় দালিয়ানের সাংগ্রি-লা হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চীনের দালিয়ান সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহদী আমিন বলেন, সোমবার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে থেকে চীনের দালিয়ান আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছেছি। মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আমরা ২১ সদস্যের সংক্ষিপ্ত একটি প্রতিনিধি দল এসেছি। যেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার ৮ জন রয়েছেন।
তিনি বলেন, এই কলেবরেই প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে চলেছেন। চীন সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে গতকাল লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন এবং মটর শোভাযাত্রার মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে হোটেলে নিয়ে আসে। আমরা দেখেছি পুরো রাস্তা জুড়েই ছিল রাষ্ট্রীয় প্রটোকল ও পুলিশি প্রহরা। এই সম্মাননার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানাই।
মাহদী আমিন বলেন, অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মাত্র কয়েক কর্মঘন্টা পেলেও, তার মাঝেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মহামান্য রাজাসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ইতোমধ্যে শুরু করেছেন।
তিনি বলেন, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত সামার দাভোস ২০২৬ বর্তমানে চীনের দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে। “Innovating at Scale” প্রতিপাদ্যে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিদল, আমন্ত্রিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ ও করপোরেট নেতারা অংশ গ্রহণ করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সরকার প্রধান হিসেবে বাংলাদেশের বাইরে এটিই প্রথম কোনও বৈশ্বিক সম্মেলনে যোগদান। এই সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন অগ্রযাত্রাকে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারিত্বের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করা।
একই সঙ্গে ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.