অনলাইন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫
বিশ্ববাজারে নতুন রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের দুর্বল শ্রমবাজার তথ্য, সুদহার কমানোর সম্ভাবনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, ফলে এর চাহিদা এবং মূল্য দুটোই ঊর্ধ্বমুখী।
রেকর্ড মূল্য স্পর্শ করেছে স্বর্ণ
গত বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭৬ দশমিক ৫৯ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ দশমিক ৫০ ডলার ছুঁয়েছে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দর দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৫ দশমিক ৫০ ডলারে।
কেন বাড়ছে স্বর্ণের দাম?
মূলত যুক্তরাষ্ট্রের জুলাই মাসের শ্রমবাজারের দুর্বল পারফরম্যান্স এই মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ। সরকারিভাবে জানানো হয়েছে, প্রত্যাশার চেয়ে কম চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং নতুন নিয়োগও ছিল মাঝারি মাত্রার। এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে শ্রমবাজারে চাপ কমছে।
ফলে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের সভায় সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমার সম্ভাবনা আরও জোরদার হয়েছে।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, এখন এ সম্ভাবনা দাঁড়িয়েছে ৯৮ শতাংশে, যেখানে পূর্বে এটি ছিল ৯২ শতাংশ।
বিশ্লেষকদের মতামত
বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘তথ্য প্রকাশের আগেই স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছিল। পরিসংখ্যান দুর্বল আসায় সেটি আরো বাড়তি গতি পেয়েছে। পরবর্তী লক্ষ্য হতে পারে আউন্সপ্রতি ৩,৬০০ ডলার।
অন্যদিকে জ্যানার মেটালসের সিনিয়র কৌশলবিদ পিটার গ্রান্ট বলেন, ‘স্বল্প ও মধ্যম মেয়াদে স্বর্ণের দাম ৩,৬০০ থেকে ৩,৮০০ ডলার পর্যন্ত উঠতে পারে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ এটি ৪,০০০ ডলারে পৌঁছাতে পারে।’
রাজনৈতিক চাপ ও ফেডের স্বাধীনতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোর জন্য প্রকাশ্যে সমালোচনা করে আসছেন। তবে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সম্প্রতি সুদহার কমানোর পক্ষে মত দিয়েছেন। তবে তিনি বলেছেন যে অর্থনীতির গতি-প্রকৃতির ওপরই এ সিদ্ধান্ত নির্ভর করবে।
হেরিয়াস মেটালসের ব্যবসায়ীরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ায় ডলারনির্ভর সম্পদের প্রতি আস্থা কমেছে, যার প্রভাবে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.