ঢাকা৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে টানা তৃতীয় দিন বাড়ল জ্বালানি তেলের দাম

admin
মার্চ ৩, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ওপর হুমকির মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তিন দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে। সোমবার এই দাম আরো বেড়ে ৮২ ডলার ৩৭ সেন্টে পৌঁছেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। দিন শেষে এটি ৬ দশমিক ৭ শতাংশ বেশি দামে স্থির হয়।

একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২ ডলার ৪০ সেন্টে পৌঁছেছে। আগের সেশনে এই তেলের দাম ২০২৫ সালের জুনের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে উঠলেও শেষ পর্যন্ত ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধিতে থিতু হয়। এই সংঘাতের ফলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাই মূলত বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।

বাজার বিশ্লেষক টনি সিকামোর রয়টার্সকে জানিয়েছেন, দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং ইরানের পক্ষ থেকে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রবণতা তেলের দাম আরো বাড়িয়ে দিচ্ছে। তার মতে, এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, জ্বালানি বাজারে ঝুঁকি এবং দাম বৃদ্ধির সম্ভাবনা ততই প্রবল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।