
ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার রাতে আরও একটি অনন্য কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর ১৪৭ দিন বয়সে গোল করে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড নিজের করে নিয়েছেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে রোনালদো ভেঙে দেন আগের রেকর্ড। একই সঙ্গে এটিই ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল, যা এই অর্জনকে আরও স্মরণীয় করে তুলেছে।
নাটকীয় এই জয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। যদিও ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় উত্তেজনা চরমে পৌঁছেছিল।
এই গোলের মাধ্যমে রোনালদো বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে গোল করা ফুটবলারেও পরিণত হয়েছেন। তার চেয়ে বেশি বয়সে বিশ্বকাপে গোল করার রেকর্ডটি এখনো ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার দখলে। ১৯৯৪ সালের বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন তিনি।
রোনালদোর এই গোল আবারও প্রমাণ করল, দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখার ক্ষেত্রে তিনি কতটা ব্যতিক্রমী।
আগেই বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার হয়েছিলেন তিনি। এবার পুরুষদের বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডও নিজের নামে লিখিয়ে নিলেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে রোনালদোর ২৬তম উপস্থিতি। এর ফলে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় তিনি আরও ওপরে উঠে এসেছেন। এই তালিকায় তার সামনে রয়েছেন শুধু জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথাউস, যিনি খেলেছেন ২৭টি ম্যাচ। আর সর্বাধিক ২৯টি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির।
৪১ বছর বয়সী রোনালদোকে ঘিরে এটি তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারে—এমন আলোচনা চললেও এখনো অবসরের কোনো ইঙ্গিত দেননি তিনি।
শুধু গোল করেই নয়, ম্যাচ শুরুর আগেই আরেকটি ইতিহাস গড়েন রোনালদো। ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে শুরুর একাদশে নামা সবচেয়ে বয়স্ক আউটফিল্ড ফুটবলার হয়ে যান তিনি। এর আগের রেকর্ডটি ছিল বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এডিন জেকোর দখলে। তিনি ৪০ বছর ১০৬ দিন বয়সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুর একাদশে নেমেছিলেন।
অন্যদিকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচও ৪০ বছর ২৯৬ দিন বয়সে ম্যাচটি শুরু করেন। ফলে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম দুই প্রতিপক্ষ দলের হয়ে ৪০ বছরের বেশি বয়সী দুই আউটফিল্ড ফুটবলার একই নকআউট ম্যাচে শুরুর একাদশে খেললেন।
বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে নামা সবচেয়ে বয়স্ক তিন আউটফিল্ড ফুটবলার
১. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) — ৪১ বছর ১৪৭ দিন
২. লুকা মদরিচ (ক্রোয়েশিয়া) — ৪০ বছর ২৯৬ দিন
৩. এডিন জেকো (বসনিয়া ও হার্জেগোভিনা) — ৪০ বছর ১০৬ দিন
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.