সত্য সমাচার ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪
বিপিএলের ১১তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে ময়দানি লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। সাত দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। গতকাল এক ভিডিওবার্তায় বিপিএল নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন একটা সরকার পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি আগের দশটা বিপিএলের চেয়ে এবারের বিপিএলকে ব্যতিক্রম করার। আমরা অনেক পরিকল্পনা করেছি। আশা করি খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। আশা করি, আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন।’
এবারও দেশের তিন ভেন্যু- ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএল। মিরপুরে প্রথম পর্বে খেলা হবে চার দিন। এরপর বিপিএল যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত খেলা মাঠে গড়াবে। সেখান থেকে বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট-চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরবে আবার মিরপুরে। ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। লিগ পর্বের খেলা শেষ হবে ১ ফেব্রুয়ারি। এরপর প্লে-অফের লড়াই ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্লে-অফের প্রথম দিনে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন পর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায় আর পরেরটি সন্ধ্যা ৭টায়।

