সত্য সমাচার ডিজিটাল
০৪ ফেব্রুয়ারি ২০২৫
বিপদের সময় মানুষকে কী করতে হবে, আল্লাহ তা সূরা আল-বাকারা’র ১৫৫, ১৫৬, ১৫৭ নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন। আয়াতগুলোতে তিনি বলেছেন যে, মানুষকে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনহানি এবং ফল-ফসলের অভাবে পরীক্ষা করা হবে, কিন্তু যারা ধৈর্যশীল, তাদের জন্য রয়েছে সুসংবাদ। বিপদে যারা “إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ” (নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী) বলে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের প্রতি রহমত ও দয়া বর্ষণ করেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করেন।
এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে, বিপদে পতিত হলে আল্লাহ বান্দাকে পুরস্কৃত করতে চান। এ বিষয়টি তিনি সূরা আল-বাকারা (২:১৭৭) আয়াতেও উল্লেখ করেছেন, যেখানে সত্যিকারের ধার্মিকদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে—যারা ধৈর্যসহকারে পরীক্ষার সম্মুখীন হয় এবং সৎকর্মে লিপ্ত থাকে।

