ঢাকা১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ-গ্যাস সংকট, ব্যবসায়ীদের ‘মোরাল সাপোর্ট’ চাইলেন জ্বালানিমন্ত্রী

admin
আগস্ট ১৩, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

১৩ আগস্ট ২০২৬

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটিয়ে উঠতে সরকারের সামর্থ্য, বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় তিনি সংকট কাটিয়ে উঠতে এবং সরকারের চলমান প্রচেষ্টা সফল করতে ব্যবসায়ী ও সাধারণ জনগণের ‘মোরাল সাপোর্ট’ কামনা করেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব বিষয়ে কথা বলেন।

গভীর সমুদ্রে থাকা একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে আগুন লাগার পর গ্যাস সরবরাহে সংকট তৈরি হওয়ার বিষয়টি মন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন। তিনি বলেন, ‘মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) হঠাৎ আগুন লাগার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে সৌভাগ্যবশত ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি। কারিগরি ত্রুটি ও আগুন লাগার পরপরই পাশে থাকা অন্য একটি এলএনজিবাহী জাহাজ দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।’

দেশে থাকা দুটি এফএসআরইউর একটিতে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ কমার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এখন শুধু আমার দিন গোনা ছাড়া আর কিছু করার নাই। আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরইউতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা, যাতে কম লোডশেডিং হয়। যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এ ছাড়া আপনিই বলেন আমার হাতে আর কী থাকতে পারে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্তমানে একটি এফএসআরইউ চালু রেখে কিছুটা গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে দ্বিতীয় এফএসআরইউয়ের মেরামতকাজ শেষ হলে দুটি বয়লারের কার্যক্রমে সমন্বয় (সিঙ্ক) করার জন্য প্রায় ৭২ ঘণ্টার শাটডাউন দিতে হবে। ওই সময়ে সাময়িকভাবে গ্যাসের সংকট আরও কিছুটা বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ব্রিটেন ও সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ প্রকৌশলীরা দিনরাত কাজ করছেন। মেরামতের সামগ্রী বিদেশ থেকে আসার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে শুল্কসংক্রান্ত জটিলতা এড়িয়ে সরাসরি সাইটে পৌঁছে দেওয়া হয়েছে।’

গ্যাসের চাহিদা মেটাতে ২০২৯ সালকে লক্ষ্য করে অবকাঠামো উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে একটি নতুন এফএসআরইউর অর্ডার দেওয়া হয়েছে। ২০২৯ সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে আরও তিনটি এফএসআরইউ বসানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সারা দেশে সুষম গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি আমেরিকান বিনিয়োগকারীসহ অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘শিল্পে গ্যাস–সংকট কমাতে বিকল্প নানা উপায় খোঁজা হচ্ছে। এর মধ্যে ভোলা থেকে কনটেইনার ট্রাকে করে গ্যাস কারখানায় পৌঁছে দিতে একটি কোম্পানিকে ৩০টি ট্রাক চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সরাসরি কনটেইনারের মাধ্যমে গ্যাস সরবরাহের সুবিধা তৈরি করতে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছে সরকার।’

এ ছাড়া অতীতে নিজস্ব গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত মনোযোগ না দিয়ে কেবল আমদানিনির্ভর অবকাঠামো গড়ে তোলার সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্তমান সরকার দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিয়েছে। বাপেক্সকে শক্তিশালী করতে নতুন দুটি রিগ কেনার আদেশ দেওয়া হয়েছে। দ্রুত নতুন কূপ খননের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।’

মন্ত্রী ব্যাটারিচালিত রিকশাকে ‘গরিবের টেসলা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এগুলোর বেশির ভাগই রাত ১২টার পর অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়া হয়। এর ফলে বিদ্যুতের সর্বোচ্চ পিক আওয়ার বদলে রাত ১২টায় গিয়ে ঠেকছে এবং মোট চাহিদা বেড়ে প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাচ্ছে। তবে এসব অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অনেক জায়গায় সরকারি কর্মচারীরা হামলার শিকার হচ্ছেন।’

নিজের অতীতের শিল্পোদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার স্মৃতি স্মরণ করে মন্ত্রী বলেন, ‘আমি নিজেও একসময় ব্যবসায়ী ও শিল্পখাতের সঙ্গে যুক্ত ছিলাম। তাই ব্যবসায়ীদের ব্যাংকঋণ, সুদের চাপ ও কারখানার বেতন পরিশোধের কষ্ট আমি গভীরভাবে বুঝি। এ দেশের ব্যবসায়ীরা অত্যন্ত সাহসী ও বিপ্লবী মনোভাবের। না হলে এত প্রতিকূলতার মধ্যেও টিকে থাকা সম্ভব হতো না।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শিল্পখাতের সংকট নিরসনে সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিনবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। আগামী সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ২০২৯ সালের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পূর্ণাঙ্গ ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে বিস্তারিতভাবে তুলে ধরবেন বলেও জানান মন্ত্রী।

সবশেষে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে এবং সরকারের চলমান প্রচেষ্টা সফল করতে ব্যবসায়ী ও সাধারণ জনগণের নৈতিক সমর্থন (মোরাল সাপোর্ট) কামনা করেন মন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।