
রাজধানী ঢাকায় আজ রবিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমাবেশ। এনসিপির সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আর ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান।
এ পরিস্থিতিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ সময় শাহবাগ ক্রসিং এড়িয়ে বিকল্প পথে যান চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপি।
কখন, কোথায়, কোন সমাবেশ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়েবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে।
সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে (১-৪ অগস্ট) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে। এ ছাড়া রবিবার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোথায় কোন বিকল্প পথে যাবেন
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিন এইচএসসি পরীক্ষা থাকায় জনদুর্ভোগ এড়াতে ডাইভারশন পরিকল্পনা ঘোষণা করেছে পুলিশ।
ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না। এমতাবস্থায় ঢাকাবাসীকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.