ঢাকা১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ‘অধ্যাপক আসাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’

admin
আগস্ট ১৯, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

১৯ আগস্ট ২০২৬

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড-নেক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি।’

আজ বুধবার প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে তিনি এ হামলার প্রতিবাদ জানান।

তিনি বলেন, একজন চিকিৎসক, যিনি প্রতিদিন অসুস্থ মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করেন, তার কর্মস্থলের সামনে প্রকাশ্যে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। চিকিৎসকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি দেশের চিকিৎসাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। একজন চিকিৎসক যদি নিজ কর্মস্থলে নিরাপদ না হয় তাহলে তার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো দেশের সর্বোচ্চ পর্যায়ের একটি চিকিৎসা প্রতিষ্ঠানে একজন বিভাগীয় প্রধানের ওপর তার চেম্বারের সামনে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এবং নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা প্রদানকে বাধাগ্রস্ত করে। এর নেতিবাচক প্রভাব সরাসরি রোগীদের চিকিৎসাসেবার ওপরও পড়তে পারে।

ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

চিকিৎসকদের ওপর যেকোনো ধরনের হামলা, হুমকি ও হয়রানির বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।