সত্য সমাচার ডিজিটাল:
০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার সকাল ৯টায় তাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তাদের রুহের মাগফেরাত কামনা করার মধ্য দিয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারাদেশে জেলা কার্যালয়ে বিএনপির পতাকা উত্তোলন করা হয়েছে।
বিএনপি এমন সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চলেছে, যখন দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনা করছে দলটি; আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে আছেন তারেক রহমান।
এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

