ঢাকা৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

admin
অক্টোবর ৬, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

প্রেস রিলিজ

ঢাকা, ০৬ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার)

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, কোনো সরকারই বাজারে সিন্ডিকেটের উপস্থিতি পছন্দ করে না। বর্তমান সরকারও চায় না কোনো সিন্ডিকেট বাজারে প্রভাব বিস্তার করুক। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। তাই খাদ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশা করছি।
মঙ্গলবার (৬ অক্টোবর) পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গমের সাইলো, প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব এবং বন্দর এলাকার সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম  বলেন, “বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমস্যা আছে, সেগুলো সমাধান করাই আমাদের কাজ। যেসব সমস্যা রয়েছে, সেগুলোর গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে।”
দিনের শুরুতে খাদ্যমন্ত্রী পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে মিলের কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় মিলের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত গমের সাইলো পরিদর্শনকালে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাইলোর ধারণক্ষমতা, সংরক্ষণ ব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। প্রেজেন্টেশন শেষে তিনি সাইলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
একই কম্পাউন্ডে অবস্থিত প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। সেখানে পুষ্টি সমৃদ্ধ মিক্স রাইস উৎপাদন এবং খাদ্য পরীক্ষার কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত হন।
এরপর বন্দর থানায় অবস্থিত সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম । এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জনবল সংকট, ব্যবহার অনুপযোগী গুদামের পরিবর্তে নতুন গুদাম নির্মাণ, অফিস ভবন ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন খান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।