ঢাকা৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ

admin
মার্চ ৫, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বিক্ষোভকারীরা দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আল্টিমেটাম দেন এবং তা বাস্তবায়ন না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার মানববন্ধনে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক ৫টি ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত আমানতকারীদের জন্য অমানবিক ও অন্যায্য।

এদিন বক্তারা বলেন, ‘গত দুই বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। ফলে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।’

তারা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

একইসঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করা ও মেয়াদ শেষে সঞ্চয়ের অর্থ (এফডি, ডিপিএস, এমটিডিআর) চুক্তি অনুযায়ী ফেরত দিতে হবে।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, শরিয়াহভিত্তিক ৫টি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।