সত্য সমাচার ডিজিটাল
২৪ জুলাই ২০২৫
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের শালীন পোশাক পরিধান সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ‘মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নর মহোদয়ের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এ মূহুর্তে প্রত্যাহার করা হলো।’
এর আগে গত সোমবার (২১ জুলাই) একটি অফিস আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২। নির্দেশনায় ফরমাল জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব পরার বিষয়ে উল্লেখ করা হয়।
কর্মকর্তারা নির্দেশনা মেনে চলছেন কিনা তা তদারকির জন্য একজন করে কর্মকর্তা মনোনয়ন এবং কেউ এ নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে অফিসে আসলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে বলা হয়।
পরে এ বিষয়ে গতকাল দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে একটি বিবৃতি দেয় বাংলাদেশ ব্যাংক।

