প্রেস রিলিজ
০৩ ডিসেম্বর ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে, মানুষের অধিকার আদায়ে, গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। সামনের দিনগুলোতে আলেম সমাজকে পেছনে রেখে, অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না।
আজ(বুধবার) রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসা কর্তৃক ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে "আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন"-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, দ্বীনের খেদমতে, সামাজিক ও নৈতিক নের্তৃত্বসহ ভবিষ্যতে যেকোনো উদ্যোগে সর্বদা আলেম সমাজকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। সমাজে নৈতিকতা, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি এবং তরুণদের কুরআনমুখী করতে সারাদেশ জুড়েই ক্বেরাত সম্মেলন আয়োজন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও হাজারীবাগ এলাকার রাস্তাঘাট, পরিবেশগত সমস্যাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।
ক্বেরাত সম্মেলনে উপদেষ্টা ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম মাওলানা তানভীর আহমেদ সিদ্দিকী। এছাড়াও বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্বারী শায়েখ আহমেদ বিন ইউসুফ আজহারী, ইরানের ক্বারী মাহদি গোলাম নেযাদ, মিশরের ক্বারী শেখ আহমেদ আল-জাহরি, ফিলিপাইনের ক্বারী নাজীর আসগর, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী উপস্থিত ছিলেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.