প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
বাংলাদেশি তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ
অনলাইন ডেস্ক
বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১২ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এ প্রস্তাব দেন।
অধ্যাপক ইউনূস বলেন, আপনাদের আহ্বান জানাই-একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করুন। এ তহবিল দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা এবং তরুণ, কৃষক, নারী ও মৎস্যজীবীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে দুই নেতা একাধিক কৌশলগত বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের সূচনা, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু-সহনশীল কৃষি উদ্যোগ বিকাশ এবং মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদনে কৃষকদের সহায়তা।
অধ্যাপক ইউনূস আইএফএডি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে একটি টিম পাঠানোর প্রস্তাব দেন।
বাংলাদেশি তরুণদের জন্য একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রসঙ্গে আইএফএডি প্রেসিডেন্ট লারিও বলেন, আইএফএডি সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতা এবং বাংলাদেশে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী।
বর্তমানে আইএফএডি বাংলাদেশে অর্ধ ডজনেরও বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে বলে জানান তিনি।