ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ছাত্রদলের নাছিরের

admin
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।

এতে নাছির উদ্দীন নাছির লিখেছেন, ‘জনপ্রিয় অভিনেত্রী ও জুলাইযোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে কতিপয় আওয়ামী লীগের সমর্থক কর্তৃক শারীরিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানাই।’

তিনি লেখেন, ‘এ ধরনের ঘৃণ্য ও নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ বিদেশের মাটিতেও নিজেদের গ্রহণযোগ্যতা ও টিকে থাকার নৈতিক ভিত্তি হারাচ্ছে। কারণ, দেশের বাইরে সংঘটিত এ ধরনের অপকর্মও দায়মুক্তির বাইরে নয়।’

পোস্টের শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক লেখেন, ‘এ ধরণের অপকর্মের জন্য বিদেশের মাটিতেও তাদের প্রত্যেককে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।

প্রসঙ্গত, ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে রীতিমতো মারধর ও ব্যাপক হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ সময় সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় তিনি নিজেই এ অভিযোগ করেন।

এই অভিনেত্রী জানান, স্থানীয় এক পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়।

হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালিও করা হয়। ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধও করেন বাঁধন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।