
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, সাগরের বাবা-মা-বোনকে রাজশাহী উপশহরের ৩ নম্বর সেক্টরের বাসা থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আজ বিকেল ৫টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে রাজশাহী বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
সাগরের মেজ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর শুনতে পেয়েছি। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়েছে। সেই হেলিকপ্টারে করে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে ঢাকায় নেওয়া হয়েছে।’
মতিউর রহমান আরও বলেন, ‘সম্প্রতি সাগর রাজশাহী এসেছিল। ছয় মাস আগে তার বিয়ে হয়। তার কোনো বাচ্চা-কাচ্চা নেই। ছোট ভাই মরদেহ নিয়ে এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’
এর আগে, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। নিহত হয়েছে ১৯ জন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.