ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাইয়াজের মামলা প্রসঙ্গে আসিফ নজরুল—এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই

admin
এপ্রিল ২০, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ‘পুলিশ হত্যা মামলায়’ এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে  ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে। তার মামলাটি প্রত্যাহার করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মামলার প্রধান দুই আসামি তাদের জবানবন্দি প্রত্যাহার করে নিলে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে আদালতে যেতে হতো না।

যেই মামলা তদন্তের মধ্যে থাকে, সেই মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার অধিকার শুধু পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, যদি একটি মামলার চার্জশিট হয়ে যায়, তখন এখানে আইন মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার করার এখতিয়ার বা সুযোগ থাকে।
আজ রবিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ফাইয়াজের মামলা এমন একটি মামলা, যেখানে দুইজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। আমি খবর নিয়ে জানলাম, ওনারা যদি ১৬৪ ধারার জবানবন্দিটা প্রত্যাহার না করেন, তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর।

এটা সম্পূর্ণ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি (ফাইয়াজ) তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে বলেছি, এটা হচ্ছে প্রক্রিয়া।

এই প্রক্রিয়ায় যদি এগোনো হয়, তাহলে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আমি তাকে প্রক্রিয়াটি বুঝিয়ে বলেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।