ঢাকা১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা

admin
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬,

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া নির্দেশনায় বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তারা সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে।

এতে আরও জানানো হয়, বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখার পর তাদের ছেড়ে দেয়।

নির্দেশনায় আরও বলা হয়, প্রবাসে যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য সব প্রবাসীদের অনুরোধ করা হচ্ছে। হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অভিবাসীকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।