ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

admin
এপ্রিল ২৬, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬,

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আজকের এই সভায় মোট ১৭টি বড় প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই বিশাল বাজেটের প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে।

প্রকল্পগুলোর বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, ভৌত অবকাঠামো খাতের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে প্রকল্পের সংখ্যা ১১টি। এ ছাড়া পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের অধীনে ৪টি এবং কৃষি, পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অধীনে আরও ২টি প্রকল্প রয়েছে। পাশাপাশি একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি ছোট-বড় প্রকল্প সভায় উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের যাত্রার পর উন্নয়নের গতি সচল রাখতে এটি একটি বড় পদক্ষেপ। এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। আজকের ১০ম সভায় ব্যয়ের পরিমাণ এবং প্রকল্পের সংখ্যা-উভয় দিক থেকেই সরকারের উন্নয়ন পরিকল্পনার ব্যাপক প্রসারের প্রতিফলন দেখা যাচ্ছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।