টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এ ম্যাচ নিয়ে দুদলের লক্ষ্য হলো- হ্যাটট্রিক জয়ে সুপার এইট নিশ্চিত করা। ইতোমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। তবে পাকিস্তান-ভারত লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
৩৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন শ্রীলংকার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে পাকিস্তান ও ভারত।
বিশ্বকাপের শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হয় পাকিস্তান। বিশ্বের কোটি-কোটি ক্রিকেটপ্রেমীর স্বপ্নের পাকিস্তান-ভারত ম্যাচ আজ মাঠে গড়াচ্ছে।
‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান ও ভারত। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারায় তারা।
টানা দুই জয়ের পর ভারতের বিপক্ষেও নিজেদের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর পাকিস্তান। এ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিতের কথা জানালেন দলের সাবেক অধিনায়ক ও সেরা ব্যাটার বাবর আজম। তিনি বলেন, ‘নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর দল খোশমেজাজে আছে। ভারত ম্যাচেও ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে আছে সবাই। এ ম্যাচেও জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ভারতকে হারিয়েই আমরা সুপার এইট নিশ্চিত করতে চাই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবার মোকাবিলা করেছে পাকিস্তান ও ভারত। এর মধ্যে সাতটিতে জিতেছে ভারত। পাকিস্তানের জয় মাত্র একটিতে। ২০২১ সালে বাবরের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান।
পাকিস্তান-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও বাড়তি চাপ। তবে নিজ দলের সবাইকে শান্ত ও চাপমুক্ত থাকার বার্তা দিয়েছেন বাবর, ‘পাকিস্তান-ভারত লড়াই সবসময়ই চরম উত্তেজনাপূর্ণ হয়। দুই দেশের সমর্থকরা তো বটেই, সারা বিশ্বই এ ম্যাচে সম্পৃক্ত থাকে। ম্যাচটার আবহ অন্য উচ্চতায় চলে যায়, তাই প্রত্যাশাও অন্য স্তরে পৌঁছে যায়। ভারতের বিপক্ষে আমি অনেক ম্যাচই খেলেছি। সেখান থেকে শিখেছি যে, নিজেকে যতটা শান্ত ও চাপমুক্ত রাখা যায়। বাইরের কথা এড়ানো এবং শুধু ম্যাচের দিকে মনোযোগ রাখা যায় ততই ভালো। আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটি নিয়ে তরুণদের সঙ্গে কথা বলেছি, তাদের বলেছি উত্তেজনা তো থাকবেই, তবে নিজেকে যতটা চাপমুক্ত রাখবে ততটাই ভালো হবে।’
যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারানোর পর নামিবিয়াকে ৯৩ রানের বড় ব্যবধানে হারায় ভারত। পাকিস্তানের মতো ২ ম্যাচে ৪ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ারও। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে ভারতই। তাই এ ম্যাচের বিজয়ী দল সুপার এইটের টিকিট পাবে।
পাকিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় ভারত। দলের স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, ‘বিশ্বকাপে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। এ নিয়ে সন্দেহ নেই। আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। এ ম্যাচ নিয়ে সবাই খুব উচ্ছ্বসিত। চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’ তিনি আরও বলেন, ‘এ ম্যাচে আমাদের চেয়ে এগিয়ে পাকিস্তান। কারণ শ্রীলংকার কন্ডিশনে দুই ম্যাচ খেলেছে তারা। শ্রীলংকার পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে। তবে আমার বিশ্বাস, দল হিসাবে আমরা তাদের চেয়ে বেশ ভালো। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।’ পাকিস্তান-ভারত ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে রবিবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে- দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে বিকাল থেকে রূপ বদলাবে প্রকৃতি। খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশের মতো। এ জন্য টস দেরিতে হবে বা ওভার কমিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। রাত ৮টার পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
পাকিস্তান-ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে, এক পয়েন্ট করে পাবে দুদল। এ ক্ষেত্রে দুদলের পয়েন্ট হবে সমান ৫ করে। তখন এক ম্যাচ বাকি থাকতে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করবে পাকিস্তান ও ভারত। গ্রুপ পর্বের কোনো ম্যাচে রিজার্ভ ডে নেই।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৬ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারতের জয় ১২টিতে, পাকিস্তানের জয় ৩টিতে। একটি ম্যাচ টাই হয়। ওই ম্যাচে সুপার ওভারে জয় পায় ভারত।

