বিনোদন প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬
অভিনয় থেকে এখন অনেকটাই দূরে আছেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছেন অভিনয় ছাড়ার। হাতে থাকা কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানাবেন। তাও বেশ কিছুদিন আগের কথা।
কিন্তু এরই মধ্যে অনন্ত-বর্ষা জুটি বাঁধলেন নতুন কাজে। তবে এটি সিনেমা নয়, বিজ্ঞাপনচিত্র। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন হিরু খান।
বিজ্ঞাপনে অনন্ত-বর্ষার রিল লাইফ ও বাস্তব জীবনের গল্পকে একসঙ্গে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। এতে তাদের ব্যক্তিগত সম্পর্ক ও পর্দার জুটি হিসেবে রসায়ন- দুই দিকই ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করা হবে।
অনন্ত জলিল বলেন, ‘অনেকদিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার জন্য। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।’
বর্ষা বলেন, ‘খুবই ভালো একটি টিমের সঙ্গে কাজ করলাম। কস্টিউম, লাইট, ক্যামেরা, মেকআপ- সবকিছুতেই নির্মাতা যত্ন নিয়েছেন। আমাদের লাইফটাই এখানে তুলে ধরা হয়েছে।’
পরিচালক হিরু খান জানান, তার ক্লায়েন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শেই এমন একটি তারকা জুটিকে নেওয়া হয়েছে যারা ব্যক্তিগত জীবন ও শোবিজ দুই ক্ষেত্রেই সফল।
তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি এই জুটিকে নতুনভাবে উপস্থাপন করতে।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে আরও অভিনয় করেছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.