সত্য সমাচার ডিজিটাল
১৩ ডিসেম্বর ২০২৪
পৌষের আগেই শীতে কাবু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। সঙ্গে রাজধানীসহ বিভিন্ন জেলায়ও জেঁকে বসছে শীত। অর্থাৎ হুড়মুড়িয়ে নামা শীতের জেরে ব্যাহত হচ্ছে জনজীবন। পাশাপাশি কুয়াশায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি ছুঁইছে। এমন অবস্থায় পৌষ না আসতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা দিচ্ছে।
শুক্রবার সকালে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে শীত আর শৈত্যপ্রবাহের বার্তায় প্রতিটি হাসপাতাল এবং শিশুরোগ বিশেষজ্ঞদের চেম্বারে সকাল-সন্ধ্যা লম্বা লাইনও চোখে পড়ছে। ভিড় বাড়ছে নাক কান গলারোগ বিশেষজ্ঞদের চেম্বারেও। ঠান্ডা সংক্রান্ত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্করাও।
বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর আকাশ ঘন কুয়াশায়ে ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার পরিমাণ কমলেও বিকাল হতেই কুয়াশায় ঢাকা পড়ে। রাজধানীতে এতটা কুয়াশা এই প্রথম। এটাই শেষ নয়, আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের ভাষ্য, সময় যত বাড়বে, কুয়াশার পরিমাণও বাড়তে পারে।
উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশেই শীত বাড়তে শুরু করেছে। রাজধানীতে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়ছে শীত। কুয়াশা ও শীতের এমন দাপট আরও কয়েকদিন টানা থাকতে পারে।

