ধামরাই প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫
ঢাকার ধামরাইয়ে ইটভাটার আগুনের উত্তাপে বিঘায় বিঘায় জমির ধান পুড়ে যাওয়ায় ভুক্তভোগী নিরীহ দরিদ্র কৃষকদের অনেকেই সর্বস্বান্ত হয়ে পড়েছেন। উপজেলার সুতিপাড়া শ্রীরামপুর এলাকায় লায়ন ব্রিক্স এবং দাদা ব্রিকস নামক দুইটি ইটভাটা থেকে নির্গত তাপ ও ধোয়ায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকরা অসহায় দরিদ্র হওয়ার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও মুখ খুলতে পারছেন না। গতকাল রবিবার উপজেলার ওই এলাকায় সরে জমিনে গিয়ে দেখা যায়, লায়ন ব্রিকস ও দাদা ব্রিকস এর আশেপাশে বিশাল এলাকা জুড়ে চাষকৃত ধান পুড়ে গেছে। এলাকার দরিদ্র বিধবা কৃষাণী জরিনা আক্তার জানান, তার নিজের কোন জমি নেই। ছাগল বিক্রি করে এবং ধারদেনা করে টাকা পয়সা জোগাড় করে অন্যের পঞ্চাশ শতাংশ জমিতে তিনি বর্গা ধান চাষ করেছেন। ধানের ফলন খুব ভালো হয়েছিল। কিন্তু লায়ন ব্রিকস ও দাদা ব্রিকস এর আগুনে তার সব ধান পুড়ে গেছে। তিনি এখন সর্বস্বান্ত ও দিশেহারা। সাংবাদিকদের মাধ্যমে তিনি ক্ষতিপূরণের দাবি জানান। জামাল উদ্দিন নামে স্থানীয় আরেক কৃষক জানান, লায়ন ব্রিক্স ও দাদা ব্রিকসের আগুনে তার ৭০ শতাংশ জমির ধান পুড়ে গেছে। কিন্তু ভয়ে তিনি মুখ খুলতে পারছেন না। লায়ন ব্রিক্স এর ম্যানেজার দেলোয়ার হোসেন জানান, কৃষকদের ধানের ক্ষতি হয়েছে। তবে মালিক ছাড়া বেশি কিছু বলতে পারবেন না বলে জানান তিনি।
ওদিকে ইট ভাটার উত্তাপে এলাকার কৃষকদের ধানের ক্ষতি হয়েছে বলে স্বীকার করেন দাদা ব্রিকস এর ম্যানেজার শরিফ।
ধামরাই উপজেলা ইট ভাটা মালিক সমিতির আহবায়ক জালাল উদ্দিন জানান, ধানের ক্ষতি হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সংশ্লিষ্ট ভাটা মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে।
সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরীর রুমা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ভাটা মালিকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।

