বিনোদন ডেস্ক
০৫ মার্চ ২০২৫,
বছর পাঁচেক আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই গায়ক। জানালেন, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি।
৫ মার্চ সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে কবীর সুমন বলেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’
সুমনের ইচ্ছে, ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়। গায়ক বললেন, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’
সবশেষে তিনি লিখেছেন, ‘আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন কবীর সুমন। তখন তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী গান। বাংলাদেশের কিংবদন্তিতুল্য শিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন, নাম বদলে তিনি হয়ে যান কবীর সুমন। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। গত কয়েক বছর ধরে বাংলা খেয়াল চর্চা করছেন কবীর সুমন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.