ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ‘গুগল পে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

admin
জুন ২৪, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৪ জুন ২০২৫,
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গুগল পে সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

এ ছাড়া সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বিদেশি ব্যবসায়ীরা দেশে আসলে টাকা পাচার করবে না, বরং দেশের উপকার হবে জানিয়ে গভর্নর বলেন, ‘আমরা চেষ্টা করছি ক্যাশলেস জগতে প্রবেশ করতে, তবে এরই মধ্যে তা সম্ভব হচ্ছে। দেশে গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।’

আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা আশা করব বাংলাদেশে আরও দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মিলন মেলা হবে। বিদেশিদের কোনো কাজ বাংলাদেশে সম্পন্ন করলে দিন শেষে উপকারভোগী হয় দেশ।’

অনুষ্ঠানে জানানো হয়, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। এটি দেশের প্রথম ব্যাংক যেটি গুগল পে’র সঙ্গে যুক্ত হলো।

প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সুবিধা আরও বাড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।