ঢাকা২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে এলপিজির সংকট নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

admin
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক:

২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেবে সরকার।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুত করে জনঅসন্তোষ সৃষ্টি না করেন, সে বিষয়ে মন্ত্রী সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হচ্ছে। এর প্রভাবেও দাম বাড়ার প্রবণতা থাকতে পারে। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ৫৫ লাখ দরিদ্র পরিবারকে দেওয়া হবে ১৫ টাকায় চাল দেওয়া, তথ্য কমিশন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, পরিবেশ ও ‘ওয়ান হেলথ’ কর্মসূচি, প্রকল্প বাস্তবায়নে গতি আনার চেষ্টাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।