
১৯ আগস্ট ২০২৬
স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে পারেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য তার পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেছেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
আজ বুধবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে উপস্থিত হন আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা। জেলা প্রশাসনের বিবেচনা শেষে সিদ্ধান্ত পাওয়ার পরই দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।
এদিন বাবা তৌফীক নাওয়াজের মৃত্যুর পর মা দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। প্যারোলে মুক্তির সময় এবং কত সময়ের জন্য আবেদন করা হবে, তা নিয়ে মায়ের সঙ্গে পরামর্শ করতে বুধবার দুপুরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে আসেন বলে জানিয়েছেন জেল সুপার মো জান্নাত উল ফারহাদ।
পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী। এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।প্যারোলে মুক্তির আবেদনটি গৃহীত হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি চব্বিশের আন্দোলনের পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, তার স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.