
ইরানের রাজধানী তেহরানের কাছে একটি কথিত ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ ছয় সদস্যকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ওই গোষ্ঠীটি একটি অভিযান চালানোর পরিকল্পনা করছিল বলে দাবি করেছে ইরান। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তেহরান প্রদেশের রাজধানী থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাঞ্জিলাবাদ এলাকায় অভিযান চালায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা।
অভিযানের সময় একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম। এলাকায় নিরাপত্তা বাহিনীর ‘পরিষ্কার অভিযান’ এখনও চলছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
তাসনিম জানায়, ‘সন্ত্রাসী উপাদানগুলোর মোকাবিলা এবং এলাকাটি পুরোপুরি নিরাপদ করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।’
তবে নিহতদের পরিচয়, তারা কোন গোষ্ঠীর সদস্য এবং কী ধরনের হামলার পরিকল্পনা করছিল এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরান দীর্ঘদিন ধরে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তেহরানের দাবি, এসব দেশ ইরানের বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে।
তবে সর্বশেষ অভিযানে নিহতদের সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সরাসরি সম্পর্কের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বাইরে বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.