সত্য সমাচার ডিজিটাল:
আগস্ট ২৩, ২০২৬
বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি সক্রিয় মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হওয়ায় আগামী ১০ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। অন্যদিকে মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামু্টি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আগামী সোমবার থেকে বৃহস্পতিবার (২৪ থেকে ২৭ আগস্ট) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পরবর্তী পাঁচ দিনও দেশে বৃষ্টিপাতের এই ধারা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

