সত্য সমাচার ডিজিটাল :
৯ সেপ্টেম্বর ২০২৬:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
উদ্বোধনী কর্মসূচি সমন্বয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটনকে যুগ্ম আহ্বায়ক করে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় সহযোগিতা করবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলাসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। এডিস মশার লার্ভা উৎপন্ন হতে পারে এমন স্থান চিহ্নিত করে পরিষ্কারের পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও অপসারণ করা হবে।
তিনি বলেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এডিস মশার প্রজনন বাড়ায় এ সময়ে ডেঙ্গুর প্রকোপও বাড়তে পারে। তাই রোগীদের চিকিৎসার পাশাপাশি এবার এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু এবং প্রায় তিন হাজার রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্যও তিনি জানান।
প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি কলেজ, হাইস্কুল ও মাদরাসাকে কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতি শনিবার নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। নর্দমা, খাল, পুকুরের কচুরিপানা, খেলার মাঠসহ এডিস মশার প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা বৃদ্ধি করা হবে।
উদ্বোধনী কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সেচ্চাসেবী সংগঠন বিডি ক্লিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্বেচ্ছাসেবক দল, শিক্ষার্থী স্বেচ্ছাসেবক এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেবেন। একই সঙ্গে ৬৪টি জেলা এবং ৫০৩টি উপজেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অনলাইনে সংযুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবীরা এবং শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করবেন।
সভায় সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার, মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ হাবিবুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.