
রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন হয়। এবার চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসিদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেন।
একই সঙ্গে সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি; এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকতে বলেন তিনি।
ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা বাস্তবায়নে ডিসিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সব জেলায় ছাত্র-ছাত্রীদের সংস্কৃতি বা খেলাধুলার প্রতিযোগিতা শুধু শীতকাল নয়, সব মৌসুমে আয়োজনের ব্যবস্থা নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে ডিসিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।
সমাজ থেকে পুরোপুরি বৈষম্য শেষ করা হয়ত সম্ভব নয়।
