ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুতে জিতলেই যে জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করবে, সেরকম নয়: মান্না

admin
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫,

ডাকসুতে জিতলেই যে জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলা যায়, সেরকম নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: সংস্কার বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই ভোট (ডাকসু নির্বাচন) জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না। আমি দুবার ডাকসুর ভিপি হয়েছি। খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি। আমি তো ক্ষমতায় যাইনি। আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি। ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে, সেরকম নয়। ’

তিনি বলেন, ‘আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা (শিবির) সংগঠিত থেকেছে। ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে, গালাগালি করছে, মামলা করছে, কিন্তু ওরা মনে করছে এভাবেই বেঁচে থেকে লড়াই করব। কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসেছে এবং নির্বাচন করে জিতেছে। রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয়। রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই। একেবারে হালকাভাবে নেওয়া যায় না।’

জামায়াত-শিবিরের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘ভেবে দেখেন আজ থেকে ৩০-৫০ বছর আগে একটা রাজনৈতিক দল মাথা তুলবার মতো সাহস পেত না। তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে এবং আমাদের চাইতে বড় যারা তাদের চ্যালেঞ্জ করছে।’

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ডাকসু নির্বাচন থেকে, সমগ্র বাংলাদেশকে বিবেচনা করার কোনো কারণ নাই। এখানে ৪০ হাজার ভোটার, ৩০-৩২ হাজার ভোট দিয়েছেন, এটা সমুদ্রের মধ্যে একটা বিন্দু, কিন্তু এই বিন্দুরও একটা রাজনৈতিক অধিকার আছে, এটা নিশ্চয় বিবেচনার পথে আমরা রাখব। এ ধরনের আরো দুই-তিনটা বিশ্ববিদ্যালয় যদি একই ধরনের ফলাফল হয় তাতেও বিচলিত হবার কোনো কারণ নেই। সারা বাংলাদেশে ১২ কোটি ৬০ লাখ ভোটার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র আবদুল কাদির, মহাসচিব আবু ইউসুফ সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের ভাইস প্রেসিডেন্ট সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।